কোনো এক গোধূলিবেলায় সন্ধ্যার প্রান্তে তোমার সাথে প্রথম পরিচয়। পরিচয় জমে উঠেছিল সন্ধ্যার শতকোটি নক্ষত্রে ঘেরা আকাশের নীচে। কবিতা, আবৃত্তি, লোকগীতি এবং কিছু দুষ্টু খুনসুটি দিয়ে শুরু হয়েছিল জীবনের বদলে যাওয়া দিনের কাহিনি। ক্রমে ক্রমে মনের অগোচরে জেনে নিল সে, আমার জীবনের বাঁধাধরা ছাঁচে চলা দিন, জেনে নিল আমার জীবনের পছন্দ করা সৌখিন জিনিসপত্র। বুঝে নিল আমার মনের কথা। চিনে নিল আমাকে একলহমায়। চিনে নিল তাকে যাকে চিনতে পারল না কেউ। চিনতে পারল না জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো। বদলে দিতে শুরু করল আমার জীবনের চলা দিনগুলো কে। সরিয়ে ফেলতে চাইল আমার জীবনের সাদা – কালো পর্দাটাকে। টেনে বের করে আনতে চাইলে সাদা – কালো পর্দার পেছনে লুকিয়ে থাকা রঙিন আলোকে। পর্দা সরিয়ে বের করে আনল গোধূলিবেলার আবির রঙের নাওয়া আকাশের মত জীবনের রঙিন অধ্যায় কে।
তখন আমার অন্য রূপ। ক্রমে হয়ে উঠলাম \’পবিত্রা\’। ক্রমে ক্রমে হয়ে উঠলাম তাঁর জীবনের \’পাগলী\’। মনের দুঃখ বেদনা বলতে শুরু করলাম তাঁকে। যে মেয়ের জীবনে চোখ থেকে জলের ফোঁটা পরত না, তা পরিণত হল বৃষ্টিধারায়। খুশিতে মন ভরে গেল তাঁর। ক্রমে সে হয়ে উঠল
\’আমার কবি\’।উপহার দিতে শুরু করল তাঁর লেখা কবিতা। মনের গভীরে শুরু হল প্রেমালাপ। পথ তখন বেঁধেছে দুজন কে। হাত ধরতে শিখলাম তাঁর, পথ চলতে শুরু করলাম তাঁর সাথে। চুম্বনের মাধ্যমে শুরু হল জীবনের মিষ্টি দেওয়া – নেওয়ার গোপন আলাপন। আমি দেখতে শুরু করলাম আমার কবির কবিতায় ভরা দুটি চোখ। যে চোখ দেখে স্বপ্নে আমার ঘুম ভাঙত। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতে পেতাম তাঁর দুটি তারায় ভরা চোখ আর প্রেমে ভরা ঠোঁট। আস্তে আস্তে সে হয়ে উঠল আমার জীবনের রঙিন আলো। আমার ভোরের আলো, আমার জীবনের নতুন সূর্য, আমার বেদনা ভরা স্তব্ধ রাতের নিঃশব্দ বাতাসের এক দমকা ঝড় তোলা সাথী, অমাবস্যার গহন আঁধারে ঘেরা রাতের প্রেম, আমার পূর্ণিমার জ্যোতস্না। স্বপ্নভরা রাতে আমার শয়ন কক্ষের পাশে শোবার সাথী।
আমার ঠোঁটের সবচেয়ে মিষ্টি হাসিতে আজ সে। আমার কান্নার চোখের জলে আজ সে। আজ জীবনের পথে অনেক বাঁধা এসে দাঁড়িয়েছে। সব বাঁধায় যখন সে ডুবে যায় তখন সে আমাকে অনেক কথা বলতে শুরু করে। বলে তাঁকে ছেড়ে চলে যেতে, বলে সে নিজেও জ্বলছে তার সাথে আমিও নাকি জ্বলছি। বলে সে যদি নিজে না কিছু করতে পারে তাহলে কোনওদিন আমি তাঁর নই। যদি কোনোদিন আমাদের মিল না হয় তবুও কী ভুলতে পারব যে – \’কবি, তুমি আমার কবি নও?\’ কবি, যে পর্দার আরাল থেকে আমাকে টেনে বের করে নিয়ে এসেছে তা যে আর কোনোদিন আগের মত হবে না। তবুও তুমি চলে গেলেও কোনোদিন আমার জীবনের আলোরূপ যে তুমি তাকে তো আমি কোনোদিন আমার আঁধার হতে দিতে পারব না। আমি আজ যা তাই থাকব। আর আমাতে চির তুমি থাকবে।
চির জীবনের লেখায় তুমি,
ভালোবাসাতে চির তুমি ,
থেকো আমাতে চির তুমি।।
~©Swaralipi Jana
